জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে আজ সোমবার প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা। রেওয়াজ অনুযায়ী সচিব সভায় প্রধান অতিথি থাকেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব এতে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় এই সভা শুরুর কথা রয়েছে।
সচিব সভা আগে সচিবালয়েই হতো। যেহেতু মন্ত্রিসভার নিয়মিত বৈঠকগুলো এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে হচ্ছে, তাই এবার সেখানেই সচিব সভা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের সভায় নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর দেবেন। প্রতিটি মন্ত্রণালয়কে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার-সংশ্লিষ্ট কাজ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে বলা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবকে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেবেন তিনি। এর বাইরে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও উন্নয়নকাজ তদারকিতে মনোযোগী হতে বলা হবে।