এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী 

কেন্দ্র পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের মানসিক যন্ত্রণা এবং জনদুর্ভোগের সৃষ্টি হয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ কারণে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। 

তিনি জানান, পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই একটা ট্রমার (মানসিক চাপ) মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই চাপ আরও বাড়িয়ে দেয়। তাছাড়া শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এই মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ লাঘবের জন্য এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী।

তিনি আরও জানান, আইন অনুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারো কেন্দ্রে প্রবেশের অনুমতি নাই। তাই পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ যাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করে সেই বিষয়ে সকলের সকলের সচেতন থাকা উচিত।