পাকিস্তানে থানায় হামলা, ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলার দারাবান শহরে একটি থানায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ছয় পুলিশ সদস্য। খবর জিও নিউজের।

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পাকিস্তানে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মাত্র তিন দিন আগে এ হামলার ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে ভারী অস্ত্র ও গ্রেনেড সহযোগে এ হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা।

পাকিস্তানে জঙ্গিদের আক্রমণ বেশ বেড়েছে। বিশেষ করে পাকিস্তানি তালেবান এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে ২০২২ সাল থেকে এ ধরনের হামলা অনেক বেড়েছে।

দারাবানের উপ-পুলিশ সুপার মালিক আনিস উল হাসান বলেছেন, ‘থানার ভবনে প্রবেশ করার পর সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে। যার ফলে পুলিশ সদস্যদের মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটে।’

খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) আরশাদ হুসেন শাহ এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করেছেন।