‘মামলা তুলে না নিলে আমাকেও স্বামীর মতো হত্যা করবে’

গেল বছরের ৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ মকছুদকে ছুরিকাঘাত ও মারধর করে প্রতিবেশী নাছির ও তার স্বজনরা। ওই ঘটনায় মকছুদের ভাই মোস্তাক আহমদ বাদী হয়ে মহেশখালী থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ১৭ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকছুদ মারা যান।

এরপর আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। আর সেই মামলা তুলে নিতেই স্ত্রী শারমিন আকতারকে প্রথমে হুমকি ও পরে মারধর করে বাড়ি-ঘর লুটপাট করেছে অভিযুক্তরা। এমন অভিযোগে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শারমিন আক্তার। কক্সবাজারের মহেশখালি উপজেলা কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামে এমন ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, প্রতিবেশী এহছান উল্লাহর ছেলে মো: নাছির, আজগর আলী ও মো: ফারুক, মৃত উলা মিয়ার ছেলে আরিফ উল্লাহ ও দরত উল্লাহসহ আরও ৭/৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ঘরে ঢুকে হত্যা মামলা তুলে নিতে হুমকি দেয়। এ সময় তারা আমাকে বেধড়ক মারধর করে। 

তিনি আরও বলেন, প্রতিপক্ষের লোকজন বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি করেছে। পাশাপাশি বাড়িতে থাকা নগদ ৩২ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তারা মামলা তুলে না নিলে আমাকেও আমার স্বামীর মতো হত্যা করবে বলে হুমকি দেয়। 

হত্যা মামলার বাদী মোস্তাক আহমদ বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পরে আসামীদের অধিকাংশই উচ্চ আদালত থেকে জামিনে এসেছে শুনেছি। তারপর থেকে মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে। তাদের হুমকির মুখে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি’।

এই ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন, ‘অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’