সংস্কার কাজের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে ৫ দিন পোস্তগোলা ব্রিজে যান চলাচল বন্ধ থাকবে। রবিবার (৪ ফেব্রুয়ারি রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ব্রিজের সংস্কার কাজ চলবে। এ সময় কাজের জন্য সেতুটি দিয়ে সকল প্রকার যানচলাচল ৫ দিন বন্ধ রাখা হবে। তবে এটি টানা বন্ধ নয়। এরপর যেদিন কাজ হবে সেদিন যানচলাচল বন্ধ থাকবে।’
তিনি বলেন, ‘ব্রিজের নিচে পিলারে লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিই ঠিক করা হচ্ছে। সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। কারণ, কাজের সময় যানবাহন চলাচল করলে নিচে রেট্রোফিটিং করতে সমস্যা হবে।
২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। কিন্তু জাহাজটি পোস্তগোলা সেতু পার হওয়ার সময় সেতুতে ধাক্কা দেয় ও আটকে যায়। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা ব্রিজের নিচের পাটাতন বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কয়েক দফা সংস্কার করে সেতুতে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে।