বোরকা পরে নিজের বাড়িতে চুরি করলেন তরুণী

বোরকা পরে নিজের বাড়িতে চুরি করলেন তরুণী। বোনের বিয়ের গয়না চুরির পর বিক্রিও করে দিলেন। পুলিশ বলছে, বোনের প্রতি মায়ের ভালোবাসা দেখে হিংসার বশে এ কাজ করেছেন তরুণী। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ভারতের দিল্লির। গ্রেপ্তার তরুণীর নাম শ্বেতা।

পুলিশ জানিয়েছে, শ্বেতা গত ৩০ জানুয়ারি বোরকা পরে নিজের বাড়িতে ঢুকেছিলেন। সে সময় ঘরে আর কেউ ছিল না। ফাঁকা বাড়িতে আলমারি খুলে গয়না চুরি করেন তিনি। নগদ টাকাও নেন। তারপর আবার বোরকা পরেই বেরিয়ে যান।

সম্প্রতি শ্বেতার বোনের বিয়ে ঠিক হয়েছে। সেই উপলক্ষে গয়না এক জায়গায় রাখা হয়েছিল। কোথায় কী আছে, তা জানতেন শ্বেতা। ফলে তার গয়না এবং টাকা চুরি করতে কোনো অসুবিধাই হয়নি। তবে তাকে যাতে কেউ চিনতে না পারেন, তাই বোরকা পরে বাড়িতে ঢুকেছিলেন।

চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন শ্বেতার বোন। ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখে, বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। কোথাও দরজা বা আলমারি ভাঙা হয়নি। পরে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে বোরকা পরিহিত নারীকে দেখতে পান তদন্তকারীরা।

এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে নিয়েছেন শ্বেতা। তিনি বলেন, মা তার চেয়ে তার বোনকেই বেশি ভালোবাসেন, যা সহ্য করতে পারতেন না শ্বেতা। সেই হিংসা থেকে বোনের বিয়ের গয়না চুরির পরিকল্পনা করেন। চুরি যাওয়া গয়না উদ্ধার করেছে পুলিশ।