২৭ বছর পর ‘অজিমাত’ এর রূপকার শামার জোসেফ যেন উড়েই চলেছেন। এবার এ উইন্ডিজ পেসার জায়গা করে নিয়েছেন আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। তালিকায় থাকা আর দুজন হলেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ইংল্যান্ডের ওলি পোপ। ক্যারিবীয় এ পেসার অ্যাডিলেডে অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেটসহ প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১১ নম্বরে নেমে করেন ৩৬ রান। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট শিকার করে উপহার দেন ‘ফেইরিটেল’।
শামার জোসেফের প্রতিদ্বন্দ্বী হ্যাজলউড জানুয়ারি মাসে টেস্টে নিয়েছেন ১৯ উইকেট। সেটিও মাত্র ১১.৬৩ গড়ে। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেন। অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নেন ৯ উইকেট। ব্রিসবেনে শামার জোসেফের টেস্টেও ৫ উইকেট পান অভিজ্ঞ এই বোলার।
ইংলিশ ব্যাটার ওলি পোপ মাত্র একটি টেস্টের পারফরম্যান্স দিয়েই জায়গা পেয়ে গেছেন সেরা তিনে। হায়দরাবাদে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন টপ অর্ডার এই ব্যাটসম্যানের সেই ইনিংসে ভর করেই ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড ভারতকে ২৩১ রানের লক্ষ্য দিতে পারে। এরপর টম হার্টলির দারুণ বোলিংয়ে ভারতকে ২০২ রানে অলআউট করে সেই টেস্ট জিতে নেয় ইংল্যান্ড।
জানুয়ারি মাসের মেয়েদের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়ার বেথ মুনি ও অ্যালিসা হিলির সঙ্গে চমক জাগিয়ে জায়গা করে নিয়েছেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। হান্টার জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন ১০১ রান করে। জানুয়ারিতে হওয়া পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭৭ তৃতীয় ম্যাচে করেন ৪২ রান।
অন্যদিকে অস্ট্রেলিয়ান মুনি ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে তিনটি ফিফটি করেন। হিলিও পান তিন ফিফটির দেখা। দুটি সিরিজই জিতে নেয় অস্ট্রেলিয়া।