আমিরকে জাতীয় দলে ফেরাতে কথা বলবেন অধিনায়ক আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তারকা পেসার মোহাম্মদ আমির। এরপর কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর। মাঝে কয়েকবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা জাগলেও তা হয়নি। আবার তাকে জাতীয় দলের ফেরানোর বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে আমিরের জাতীয় দলে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে আফ্রিদি বলেন, 'আমি আমিরের সঙ্গে কথা বলব, জানতে চাইব তিনি ফের পাকিস্তান দলে ফিরতে আগ্রহী কি-না। আমির ও আমি প্রায় পাঁচ বছর একসঙ্গে বল করছি। তার সঙ্গে বল করার অনুভূতি অসাধারণ, আমাদের জুটিও দুর্দান্ত।'

আবুধাবির আইএল টি-টোয়েন্টিতে এবার ডেসার্ট ভাইপার্সে খেলছেন আমির ও শাহিন। মূলত পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে একই দলে খেলার কারণে আমিরের আবার জাতীয় দলের ফেরার আলোচনা উঠেছে। আবার বল হাতে এ জুটিও জমেছে বেশ।

জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট খেলেছেন আমির। আইএল টি-টোয়েন্টিতে এবার দুর্দান্ত ছন্দে রয়েছেন এই পেসার। সাত ম্যাচ খেলে নিয়েছেন ১১টি উইকেট। অন্যদিকে শাহিন পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন ৬টি উইকেট। ২০২০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে দ্বন্দ্বের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান আমির। কোচরা তার প্রতি অবিচার করেছে বলে সে সময় দাবি করেন তিনি।