মিয়ানমারে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীর (ইএওএস) বিদ্রোহীদের কাছে আরও কয়েকটি ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী। একই সঙ্গে নিহত হয়েছে ৬২ জন জান্তাসেনা। সাগাইং, মাগউই ও মান্দালে অঞ্চল এবং কাচিন ও কারেন প্রদেশে হতাহত ও ঘাঁটি দখলের এসব ঘটনা ঘটে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) ব্যাংকক থেকে পরিচালিত মিয়ানমারের ইংরেজি সংবাদপত্র দ্য ইরাবতী এ তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে উল্লেখিত নিহত জান্তাসেনার সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সাগাইং পুনর্দখলে ব্যর্থ জান্তা
ইরাবতী জানিয়েছে, হোমালিন শহরের শুই পাই আই এলাকায় ১০ দিন চেষ্টার পর অভিযান পরিত্যক্ত ঘোষণা করে জান্তা। ১০ দিন ধরে তারা পিডিএফের কাছ থেকে সাগাইং শহর পুনর্দখলের চেষ্টা করেছিল। কিন্তু তাদের পিছু হটতে হয়েছে।
গত ২২ নভেম্বর ওই শহর দখল করে পিডিএফ বাহিনী। জান্তা ও তাদের মিত্র শান্নি ন্যাশনালিজ আর্মির (এসএনএ) প্রায় ৪০০ সদস্য ওই শহরের পুনর্দখলের চেষ্টায় অভিযান শুরু করেছিল। তবে জান্তারা যেখানে ছিল, তারা চলে যাওয়ার পর সেখান থেকে ১৫টি মরদেহ উদ্ধার করেছে পিডিএফ। সংঘর্ষকালে আরও ৪০ জান্তা সদস্য আহত হয়েছে।
মাগউই গ্রামে জান্তার বোমাবর্ষণ, লুটপাট
ইয়াসাগাইও পিডিএফ বলেছে, গত শনিবার জান্তার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন-২৫৮ বাহিনীর প্রায় ১০০ সদস্যের ইউনিটের ওপর ড্রোন হামলা চালিয়েছে পিডিএফ। মাগউই অঞ্চলের ইয়াসাগাইও শহরের কিয়াউক হ্লি বি এলাকায় পরে লুটপাট করে জান্তা সদস্যরা। পিডিএফ জানায়, ওই এলাকায় ড্রোন হামলায় জান্তার দুই সদস্য নিহত ও ছয়জন আহত হয়েছে।
পিডিএফ আরও জানায়, তারা জান্তাপন্থী গ্রাম জি তাওয়ে ড্রোন হামলা চালিয়েছে। অঞ্চলটি জান্তাপন্থী পিউ সাউ হ্লিতি গেরিলা অধ্যুষিত। সেখানে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
মান্দালেতে অতর্কিত হামলা
মাইনগিয়ান ব্ল্যাক টাইগার পিডিএফ জানিয়েছে, তারা ও মান্দালে ডিস্ট্রিক্ট পিডিএফ ব্যাটালিয়ন-৩ শনিবার ১০টি ভূমিমাইন ব্যবহার করে নাটোগাই শহরে সেনাবাহিনীর ট্রাকে অতর্কিত হামলা চালিয়েছে। ভূমিমাইনের বিস্ফোরণে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছে।
মান্দালেতে ১৬ সেনা নিহত
নাটোগাই অঞ্চলের পিডিএফ জানায়, শুক্রবার মান্দালে অঞ্চলের মাইনগিয়ান শহরের কাছে সান পিয়া গ্রামে সেনাঘাঁটিতে বিদ্রোহীদের যৌথ হামলায় জান্তার অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছে। ঘাঁটিতে ২০ জন সেনাসদস্য ছিল। সংঘর্ষে মাইনগিয়ান ব্ল্যাক টাইগার পিডিএফের এক সদস্যও নিহত হয়েছেন।
কাচিনদের দখলে আরেকটি ঘাঁটি
স্থানীয় কাচিন গণমাধ্যমের এক খবরে বলা হয়, প্রদেশটির পাকান্ত শহরের নান্ত তেইন এলাকায় রবিবার কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) বিদ্রোহীরা জান্তার আরেকটি ঘাঁটি দখল করেছে। বিদ্রোহীদের হামলার পর ঘাঁটিতে আটজন সেনা সদস্যের মরদেহ পাওয়া যায়।
এর আগে ৬ জানুয়ারি নান্ত তেইন ও ওয়াই খার এলাকায় অভিযান চালায় কেআইএ বিদ্রোহীরা। ২০ জানুয়ারি পাহাড়ের ওপর একটি ঘাঁটি ও ওয়াই খার এলাকার থানা দখল করে তারা। শুক্রবার কাচিন প্রদেশের মানসি শহরের আরেকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলে আসে বিদ্রোহীদের।
কারেনে জান্তা ঘাঁটি দখল
এনইউজি জানিয়েছে, রবিবার পিডিএফ ও কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) বিদ্রোহীরা প্রদেশের থানডাওঙ্গি শহরে সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এ সময় জান্তার অন্তত ২০ সদস্য নিহত হয়েছে। তিন দিনের লড়াই শেষে কেএনএলএ ও পিডিএফ মাইন লুইন এলাকার গুরুত্বপূর্ণ ঘাঁটিটি দখল করে নিয়েছে।