ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টি ও দলের চেয়ারম্যানকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, বেশকিছু গণমাধ্যমের প্রতিবেদন ও টক-শোতে বলা হচ্ছে, জাতীয় পার্টি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের পার্টির কোনো সমাবেশ ও সম্মেলনে যোগ দেননি। আসলে হীন স্বার্থে উদ্দেশ্যমূলকভাবেই মিথ্যে প্রচার চালাচ্ছে একটি মহল।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) এ দাবী জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর একটি সফল কাউন্সিলে জাতীয় পার্টির চেয়ারম্যন নির্বাচিত হন গোলাম মোহাম্মদ কাদের। ওই বছর ৫ মে হুসেইন মুহম্মদ এরশাদের জীবদ্দশায় গোলাম মোহাম্মদ কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর থেকে জাতীয় পার্টিকে সংগঠিত ও একটি জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য কাজ করেন তিনি।