ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত দক্ষিণ লেবাননের এক লাখ মানুষ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবিব এ তথ্য জানিয়েছেন। খবর আনাদুলু এজেন্সির।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী হাবিব রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটির (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিকের সঙ্গে এক বৈঠকে এই প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, বাস্তুচ্যুতদের যত্ন এবং সহায়তা প্রয়োজন। লেবানন বাস্তুচ্যুত লেবানিজদের জন্য আইসিআরসি থেকে আসা সম্ভাব্য সব ধরনের সহায়তাকে স্বাগত জানায়।

২০০৬ সালের যুদ্ধের পর গত অক্টোবরের শুরু থেকে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিমযয়ের ঘটনা ঘটছে। এর ফলে দুই দেশের সীমান্তে উত্তেজনা বেড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননে তিন সাংবাদিক ও তিন শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক এবং ১৮২ জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর ইসরায়েল পাল্টা হামলা চালালে লেবানন সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। ইসরায়েলি আগ্রাসনে এ নিয়ে কমপক্ষে ২৭ হাজার ৩৬৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৬ হাজার ৬৩০ জন।