সুনামগঞ্জের দিরাইয়ে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আনোয়ার মিয়া (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার উজানধল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উজানধল গ্রামের ছুফি মিয়া ও দানু মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। বিরোধকৃত জমিতে কয়েক দিন আগে বোরো ধানের চারা রোপণ করেন দানু মিয়ার পক্ষের লোকজন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে ছুফি মিয়ার পক্ষের লোকজন জমি দখলে নিতে চাইলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠির আঘাতে দানু মিয়ার শ্বশুর আনোয়ার মিয়া (৫৫) ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।