চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৮টি বসতঘর। এ ঘটনায় দগ্ধ হয়েছে তিন শিশুসহ পাঁচজন। গত রবিবার রাত সোয়া ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া বড় হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সোয়া ১টার সময় ওই বাড়ির জামালের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দগ্ধরা হলো মো. জামাল (৪৫), মো. হেলাল (৪০), নিহা (১৩), হাসান (১০) ও তানিয়া (৫)। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা নাঈম ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।