কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিকের ওপর বিতর্কিত ছাত্রলীগ নেতা আবু নাঈম আব্দুল্লাহর অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলে সিট বরাদ্দকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ বাঁধলে সংবাদ সংগ্রহের সময় এ হামলা হয়।

জানা যায়, সংবাদ সংগ্রহের সময় দফায় দফায় দুই সাংবাদিককে মেরে আহত করে ছাত্রলীগ কর্মীরা। আহত দুই সাংবাদিক হলেন বিশ্ববিদ্যালয়ের আজকের পত্রিকার প্রতিনিধি ফাহাদ বিন সাঈদ ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আহসান হাবিব রিয়াদ।

আহত সাংবাদিক আহসান হাবিব রিয়াদ জানান, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ বাঁধলে সংবাদ সংগ্রহের জন্য আমি এবং তৈয়ব শাহানুর লাইব্রেরির তিনতলায় যাই। এ সময় নিচে থাকা ছাত্রলীগ কর্মীরা ব্যাপারটা লক্ষ্য করে দলবেঁধে লাঠিসোঁটা, রড নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা শুরু করে। পরে ফাহাদ ভাই আমাকে নিয়ে বেরিয়ে আসার সময় আরেক দফা হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় কয়েকজন রড দিয়ে ফাহাদ ভাইয়ের মাথায় ও পিঠে আঘাত করে। এ ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যারা নষ্ট করছে, তাদের ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে দ্রুতই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।