নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়া

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়া। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় দেশটি। পর্যায়ক্রমে তা আরও বাড়বে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতু সুবুল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে গতকাল সোমবার সচিবালয়ে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আগ্রহের কথা জানান। এ সময় সেখানে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘ভ্রাতৃপ্রতিম এই দেশ বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করার অনেক ক্ষেত্র রয়েছে। অভিজ্ঞতা বা সম্পদ বিনিময় করে উভয় দেশ আরও লাভবান হতে পারে।’