যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যা ও ভূমিধসে নিহত তিন

শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শক্তিশালী ঝড়ের কারণে বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। মঙ্গলবার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত  অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজ্যটির আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া ঝড় শুরুর পর থেকে দমকলকর্মীরা ১৩০ টিরও বেশি স্থানে বন্যা সম্পর্কিত ঘটনায় সাড়া দিয়েছে এবং বেশ কয়েকটি উদ্ধারকাজ পরিচালনা করেছে।

মূলত ‘বায়ুমণ্ডলীয় নদী’ প্রভাবের কারণে এই শক্তিশালী ঝড়ের উৎপত্তি হয়েছে। এটি এমন একটি ঘটনা যেখানে পানি বাতাসে বাষ্পীভূত হয় এবং বাতাসের মাধ্যমে বাহিত হয়। গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বায়ুমণ্ডলীয় নদীর প্রভাবজনিত ঝড় ক্যালিফোর্নিয়ায় আঘাত হানল।

কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু পাহাড়ি এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছেন। এছাড়া এ অঞ্চলের মেয়রও জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এছাড়া ক্যালিফোর্নিয়ার উত্তরে পাহাড়ি শহর সান ফ্রান্সিসকো এবং এর আশেপাশের অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কাসবাইকে প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আটটি কাউন্টিতে জরুরি অবস্থাও ঘোষণা করেছেন গভর্নর।

বিবিসি জানিয়েছে, ঝড় ও বৃষ্টির পর ভূমিধস ও ধ্বংসাবশেষের স্রোতের খবর পাওয়া গেছে। গত রোববার ঘরবাড়ির ভেতর দিয়ে কাদার স্রোত প্রবাহিত হওয়ার পর ১৬ জন বাসিন্দাকে তাদের হলিউড হিলসের বাড়ি থেকে বের করে আনা হয়। কাদার স্রোতে ভবনগুলো ভেঙে পরে এবং গ্যাস লাইনও ফেটে গিয়েছিল।