সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে ৫০ হাজার টাকা করে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।

এদিন সকাল থেকেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে দলীয় কার্যালয়ের সামনে সমর্থকদের নিয়ে হাজির হতে থাকেন মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বাঁশ দিয়ে প্রার্থীদের ভেতরে প্রবেশের রাস্তা তৈরি করা হয়েছে। সকাল ১০টার দিকে ফরম বিক্রি শুরু হলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সমর্থকদের নিয়ে লাইন ধরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন প্রার্থীরা।

কার্যালয়ের ভেতরে দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। মনোনয়ন ফরম পূরণ শেষে সব বিভাগের মনোনয়ন ফরম নিচ তলায় জমা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।