অভিষেকের সঙ্গে দাম্পত্য জটিলতা, শান্তি চাইলেন ঐশ্বরিয়া!

গত বছর অভিনেত্রীর জন্মদিনে পাশে দেখা যায়নি অভিষেক বচ্চনকে। সারা দিন বাদে সন্ধ্যাবেলা খানিক দায়সারা ভাবেই পোস্ট দিয়ে স্ত্রীকে স্রেফ ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট দিয়েছিলেন জুনিয়র বচ্চন। এবার অভিষেকের জন্মদিনের গোটা বচ্চন পরিবারের তরফ থেকে শুভেচ্ছাবার্তা এসেছে। কিন্তু অভিষেকের জন্য ঐশ্বরিয়ার শুভেচ্ছাবার্তা হন্যে হয়ে খুঁজছিলেন অনুরাগীরা। স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শান্তি চেয়ে নিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী!

বচ্চন পরিবারে সদস্যদের নাকি একে অপরের সঙ্গে বনিবনা হচ্ছে না একেবারেই। গত কয়েক মাস ধরে মায়ানগরী সরগরম এই খবরে। বচ্চনদের নিয়ে জল্পনার অন্ত নেই। এমনিতেই নাকি শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক তেমন ভাল নয় ঐশ্বরিয়ার। গত কয়েক মাসে আরও বেড়েছে সেই গুঞ্জন। 

এমনকি, এখন নাকি অভিষেকের সঙ্গেও অশান্তি তুঙ্গে। শোনা যাচ্ছে, শ্বশুরবাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে মায়ের কাছেই এখন থাকছেন নায়িকা। তবে পরিবারের তরফ থেকে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। যেন জল্পনা খানিকটা জিইয়ে রাখছেন তারা।

সোমবার অভিষেক বচ্চনের ৪৮তম জন্মদিনে ঐশ্বরিয়ার পোস্ট দেখে স্বস্তি পেলেন না অনুরাগীরা। মেয়ে আরাধ্যার সঙ্গে তাদের দু’জনের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘অনেক শুভেচ্ছা জন্মদিনের। তোমার এই জন্মদিনে জীবনে আনন্দ, খুশি, স্থৈর্য্য, শান্তি কামনা করছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’ 

অনেকেই অবশ্য ধরে নিয়েছিলেন, এবার হয়তো অভিষেককে শুভেচ্ছা জানাবেন না অভিনেত্রী। তবে সকলকে ভুল প্রমাণ করে সুখী দাম্পত্যের ছবি তুলে ধরলেন ঐশ্বরিয়া।