শ্রম আইন সংশোধনের বিষয়ে তাড়াহুড়ো না করে আলোচনা মাধ্যমে করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইএলওর পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, আজ আমরা শ্রম আইনের যে সংশোধন, সেটা করার বিষয়ে বসেছিলাম। এর আগে সংশোধনীর কথা হয়েছিল, সেখানে কিছু নতুন সংশোধনী আনার ব্যাপারে শ্রম মন্ত্রণালয় আমাকে জানিয়েছিল। সে বিষয়ে আইএলও কিছু বক্তব্য দেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে।
তিনি বলেন, দুদিন আগে আইএলও অনুরোধ জানিয়েছে জেনেভায় আইএলওর একটি টিম আমাদের এই মিটিংয়ে থাকতে চায়। আজ চারজনের টিম ছিল। সেখানে প্রত্যেকটা ধারা নিয়ে আলোচনা করি। আমরা চাচ্ছিলাম শ্রম আইনটা এই পার্লামেন্টে পাস করার জন্য। কিন্তু তারা যে পরামর্শ দিয়েছে, সেটা করতে গেলে এই পার্লামেন্টে সেই পরামর্শগুলো ইনকর্পোরেট করব কি করব না, সেটার সিদ্ধান্ত নিতে পারব না। সেজন্য আলোচনা হয়েছে ওনারা যে পরামর্শ দিয়েছেন, সেটা পরে বিবেচনা করা যায়, এখন এই শ্রম আইনটা পাস করা যায়। তখন তারা বলেন তাড়াহুড়ো না করে আমরা আলোচনা করে আরও কিছু করতে পারলে ভালো হবে, সেটা তারা জানালেন।
আজ তারা কী পরামর্শ দিয়েছে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মূল সাজেশন হচ্ছে ধরুন ব্যাপারটা হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞার মধ্যে তারা বলছেন ‘সি মেন্ট’ যেটা সেটার নাম বদলিয়ে ‘সি ফেয়ার’ নাম করা। তারপরে বলছে ম্যানেজার এবং সুপারভাইজার স্টাফদের ওয়ার্কার বলা, এগুলো আমাদের সাথে তাদের সাথে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে ১০ শতাংশ নিয়ে কোনো আলোচনাই হয়নি। ব্যাপারটি হচ্ছে আগে কথা ছিল ১৫ শতাংশ শুধু হবে তিন হাজার বা তার ঊর্ধ্বে যেসব কারখানা শ্রমিক আছে তাদের। এখন আমরা সেটাও তুলে দিচ্ছি। সকল শ্রমিকদের ব্যাপারে ১৫ শতাংশ কাজ করবে।