এবারের নির্বাচন ২০১৮ সালের চাইতেও খারাপ হয়েছে: কাদের সিদ্দিকী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালের নির্বাচনের চাইতেও খারাপ নির্বাচন হয়েছে দাবি করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সংসদ আছে সংসদ সদস্যের কোনো মর্যাদা নাই। রাজনীতি আছে নেতাদের মূল্যায়ন নাই। আমেরিকা এই নির্বাচন মেনে নিল কি নিল না সেইটা দেখার বিষয় না। আমার দেশের মানুষ খুশি হলো কিনা এইটা হলো বড় বিষয়। তবে আমি জানি নির্বাচন সুষ্ঠু হয়নি, মানুষ খুশি না।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সমসাময়িক রাজনীতি নিয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেসে’ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই। যারা কেন্দ্রে যায়নি তাদের ভোট জালিয়াতি করা হয়েছে। সাধারণ মানুষের ৫ শতাংশ ভোট দিতে যায় নাই, আর যারা অন্য দল করে তাদের ১ শতাংশ ভোটারও ভোট দিতে যায়নি। 

তিনি আরও বলেন, সরকার স্বস্তিতে নাই। নির্বাচনে যদি ৭০ শতাংশ ভোট পড়তো তাহলে ভালো হতো, কিন্তু কোথাও ২৫ শতাংশ ভোটারও কেন্দ্রে যায়নি, সরকার স্বস্তিতে থাকার জন্য মানুষের আস্থা কুঁড়াতে হবে। এই সংসদ চলে না, জোর করে চালাচ্ছে। যেভাবে নির্বাচন করছে এই সরকার এভাবে কেন্দ্রে ভোট দিতে মানুষ যাবে না। মানুষের অনিহা চলে এসেছে কেন্দ্রে না যাওয়ার। আমি নির্বাচন করেছি, অনিয়ম হয়েছে কিন্তু কথা হলো চোরের বিচার চোরের কাছে দিব নাকি। তাই কোথাও অভিযোগ দিইনি।

কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, আমি যদি সত্যি কারের হেরে গিয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু হেরে গিয়েছেন, জাতি যদি মনে করে মুক্তিযোদ্ধাকে চায় না, দেশ স্বাধীন চায় না? তাহলে বলবো, আমি হেরে গেছি আর সাথে বঙ্গবন্ধু হেরে গিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।