বিপিএলে ঢাকা পর্বের শুরুর দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচ দিয়ে ৯ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
চট্টগ্রামের একাদশে সুযোগ পান ব্রিসবেন হিটকে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন করা অস্ট্রেলিয়ান হার্ড হিটার জশ ব্রাউন। ২৩ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেন ব্রাউন। এর পর তাদের ইনিংস টেনে নিয়ে যান কিউই কিপার ব্যাটার টম ব্রুস। দেখা পান ফিফটির। ৪০ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন ব্রুস। ৫ উইকেটে ১৪৫ রানে থামে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজি দলটির ইনিংস।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় ওভারেই সাইফউদ্দিনের হাতে বল তুলে দেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সেই ওভারে মাত্র ১ রান দেন সাইফ। নিজের দ্বিতীয় ওভার করতে এসেই উইকেটের দেখা পান সাইফ। তার করা বল তানজিদ হাসান তামিমের ব্যাট ছুঁয়ে ঠাই পায় মুশফিকুর রহিমের গ্লাভসে। চিরচেনা উদযাপনে মাতার উপলক্ষ্য পেয়ে যান সাইফ। দুহাত মুঠোবদ্ধ করে বুকের কাছে এনে পর মুহূর্তেই প্রসারিত দেন শূন্যে।
কোটার চার ওভারে ২৪ রান খরচায় ওই এক উইকেটই পান সাইফ। তার মতো একটি করে উইকেট পান আব্বাস আফ্রিদি ও তাইজুল ইসলাম। পাকিস্তানি বোলার মোহাম্মদ ইমরান পান ২টি উইকেট। টানা দুই ম্যাচ জেতা বরিশালের আসরে হ্যাটট্রিক জয় তুলে নিতে তাই করতে হবে ১৪৬ রান।