পিসিবির ৩৭তম প্রেসিডেন্ট হলেন মহসিন নাকভি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশটির পাঞ্জাব রাজ্যের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। মঙ্গলবার থেকে শুরু হয়েছে তার তিন বছরের মেয়াদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এ পদে আসীন হলেন তিনি।

লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এ দিনই অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ারের ডাকা সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ফলে পিসিবির ৩৭তম চেয়ারম্যান হলেন তিনি।

২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজাকে অপসারণের পর থেকে এতদিন পূর্ণকালীন কোনো চেয়ারম্যান ছিল না পিসিবির। এই সময়ে নাজাম শেঠি ও জাকা আশরাফ বিভিন্ন মেয়াদে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন। আশরাফ ছিলেন সর্বশেষ চেয়ারম্যান, যিনি গত ১৯ জানুয়ারি পদত্যাগ করেন। জাকা আশরাফের পদত্যাগের পর গত ২৪ জানুয়ারি পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ খাওয়ারকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব দেয় পিসিবি। দুই সপ্তাহ না পেরোতেই পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পেল স্থায়ী চেয়ারম্যান।

৪৫ বছর বয়সী মহসিন একজন মিডিয়া মোগল হিসেবে পরিচিত। এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ কাজ করেছেন নাকভি। বর্তমানে তিনি টোয়েন্টিফোর নিউজ নামে একটি টিভি চ্যানেলের মালিক। পিসিবির চেয়ারম্যানের পাশাপাশি পাঞ্জাব রাজ্যের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করে যাবেন তিনি।