সিরিজের মাঝেই ভারত ছেড়ে ‘প্রমোদ ভ্রমণে’ ইংল্যান্ড

হায়দরাবাদে জিতলেও বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে বড় হার মানতে হয়েছে ইংল্যান্ডকে। সেই টেস্টও শেষ হয়েছে তিন দিনে। বাড়তি দুদিনসহ প্রায় ১০ দিন হাতে পেয়ে এক মুহূর্ত সময়ও নষ্ট করেনি ইংল্যান্ড। তারা পাড়ি দিয়েছে আবুধাবিতে। রাজকোটে তৃতীয় টেস্টের আগে ফিরে আসবে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা।

ম্যাককালাম বলেন, ‘আমি রাহুলের সঙ্গে কথা বলেছি। তার দলের খেলোয়াড়রাও বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছে। বাড়ি আমাদের জন্য অনেক দূর হয়ে যায়। তাই আবুধাবিতে আসার সিদ্ধান্ত নেওয়া। এখানে পরিবারের সঙ্গে সময় কাটানোর উপলক্ষ্য পাওয়া যাবে। বাকি তিন ম্যাচের জন্য নিজেদের চাঙ্গা করে তোলার কাজও চলবে।’

তবে বিসিসিআই কিছুটা নারাজ। কেননা এ সফরের খরচ বহন করতে হচ্ছে তাদেরই। ভারতে আসার আগে এই আবু ধাবিতেই অনুশীলন করে সিরিজের প্রস্তুতি সেরেছিল ইংল্যান্ড। প্রথম টেস্টের মাত্র চার দিন আগে তারা এ দেশে আসে।

ভারতের পিচ এবং আবু ধাবির পিচের মধ্যে সে রকম তফাত নেই। ফলে উপমহাদেশীয় পিচের জন্য ভালোভাবেই প্রস্তুত হতে পারবেন বেন স্টোকসেরা। চতুর্থ টেস্টে জিততে ইংল্যান্ডের দরকার ছিল ৩৯৯ রান। কিন্তু ৬৯.২ ওভারে মাত্র ২৯২ রানেই আউট হয়ে যায় তারা। হারে ১০৬ রানে। বাজ‌বল ক্রিকেট কাজে লাগাতে পারেনি তারা। ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট।