কোরিয়া ব্যর্থ হলেও দায়িত্ব ছাড়ছেন না ক্লিন্সমান

এবারের এএফসি কাপে হট ফেবারিট ছিল দক্ষিণ কোরিয়া। গতকাল সেমিফাইনালে কোরিয়াকে হারিয়েই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে জর্ডান। ১৯৯৬ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলা কোরিয়া ১৯৬০ এর পর এশিয়া কাপ জেতেনি। এবার 'জম্বি' ফুটবল খেলে তারা স্বপ্ন দেখছিল সেই ইতিহাস বদলের। কিন্তু হয়নি। টুর্নামেন্ট থেকে বিদায়ের পর কোরিয়ার কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান জানালেন তিনি দায়িত্ব ছাড়ছেন না।

জার্মানির হয়ে ১৯৯০ তে বিশ্বকাপ জেতেন ক্লিন্সমান। তিনি কোচ হওয়ার পর ২০০৬ বিশ্বকাপে জার্মানি তৃতীয় হয়েছিল। গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন। জর্ডানের কাছে হারের পর ক্লিন্সমানকে এক সংবাদিক প্রশ্ন করেন দায়িত্ব ছাড়বেন কিনা।

উত্তরে ক্লিন্সমান বলেন, 'এমন কিছু করার পরিকল্পনা নেই। আমি পরিকল্পনা করেছিলাম এই টুর্নামেন্ট বিশ্লেষণ করার পরিকল্পনা করেছি। আর (দক্ষিণ কোরিয়া) ফেডারেশনের সঙ্গে কথা বলব যে দলের কোন বিষয়গুলো ভালো ছিল আর কোনগুলো খারাপ। বেশ কিছু ভালো দিক আমরা দেখেছি। এই দলটি ধীরে ধীরে গড়ে উঠছে। আগামী বিশ্বকাপ পর্যন্ত আরও উন্নতি করতে হবে।'   

প্রথমার্ধে জর্ডান ভালো খেললেও গোল করেছে দ্বিতীয়ার্ধে বলছেন ক্লিন্সমান। ম্যাচে হারে ক্ষুব্ধ ৫৯ বছরের এই কোচ। ক্লিন্সমান বলেন, 'আমি হতাশ, আমি ক্ষুব্ধ। প্রথম ২০-৩০ মিনিট আমাদের ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। আমাদের লক্ষ্য ছিল ফাইনালে খেলা। কিন্তু তারা (জর্ডান) মাঠে আমাদের চেয়ে বেশি আগ্রাসী ছিল।'