মাউন্ট মঙ্গানুই টেস্ট জিততে রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। আজ টেস্টের চতুর্থ দিনে ৫২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৪৭ রানে। স্বাগতিক নিউজিল্যান্ড ম্যাচটা জিতেছে ২৮১ রানে। ইনিংস ব্যবধানে জয়ের বাইরে রানের হিসেবে কিউইদের দ্বিতীয় সর্বোচ্চ জয় এটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের হিসেবে সবচেয়ে বড় জয় নিউজিল্যান্ডের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৮ টেস্টে ২৬ পরাজয়ের বিপরীতে নিউজিল্যান্ডের মাত্র ষষ্ঠ জয় এটি।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৫১১ রান। প্রোটিয়াদের ১৬২ তে অলআউট করে ফের ব্যাট করে কিউইরা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে করা ৪ উইকেটে ১৭৯ রানেই ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অলআউট হয় ৮০ ওভার করে।
দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮৭ রান করেন ডেভিড বেডিংহ্যাম। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংসও। এ ছাড়া হামজা ৩৬, ভ্যান টনডার ৩১ এবং রুন ডি সোয়ার্ড অপরাজিত ৩৪ রান করেন।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন কাইল জেমিসন। ৩টি উইকেট নেন মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন কেন উইলিয়ামসন। ডাবল সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্র জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। রাচিন ম্যাচেসরার পুরস্কার জিতলেও উইলির সঙ্গে নিজের পার্থক্যটাও জানিয়ে দেন। রাচিন বলেন, 'দলের জয়ে যে কোন কিছু করাটা আনন্দের। ম্যাচ জিততে পেরে খুশি। আমি এই জয়কে অনেক উপরে রাখব। তার (কেইন উইলিয়ামসন) ৩১ টেস্ট সেঞ্চুরি আছে আমার মাত্র একটি। সবচেয়ে সুন্দর বিষয় হলো আপনি যতক্ষণ চেষ্টা করবেন কোচ ও ম্যানেজমেন্ট আপনার দলে থাকাটা নিশ্চিত করবে।'