হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা নিহত হয়েছেন। তিনি দুই মেয়াদে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মঙ্গলবার এক এক বিবৃতিতে পিনেরার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর দপ্তর। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার পিনেরা এবং আরও তিনজন যাত্রী বহনকারী হেলিকপ্টারটি দক্ষিণ চিলির একটি হ্রদে বিধ্বস্ত হয়ে ডুবে যায়। বাকি তিন যাত্রী প্রাণে বেঁচে গেলেও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সাবেক প্রেসিডেন্টকে মৃত ঘোষণা করা হয়।
দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে পিনেরা নিজেই পাইলট ছিলেন এবং প্রায়ই তার নিজস্ব হেলিকপ্টার চালাতেন। তবে মঙ্গলবার হেলিকপ্টারে করে তিনি কোথায় যাচ্ছিলেন তা এখনও কর্মকর্তারা নিশ্চিত করে জানাননি।
পিনেরা একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে চিলিতে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছিল। এছাড়া ব্যবসার মধ্যে টেলিভিশন ও ফুটবল ক্লাবেও পিনেরার বিনিয়োগ ছিল।
মধ্যডানপন্থি এ রাজনৈতিক নেতার মৃত্যুতে চিলিজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। লাতিন আমেরিকার নেতারাও শোক জানাচ্ছেন।
এদিকে পিনেরার মৃত্যুতে তিন দিনের শোক এবং রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ঘোষণা করেছে চিলির প্রেসিডেন্ট ও পিনেরার বামপন্থি উত্তরসূরি গ্যাব্রিয়েল বোরিক।
প্রথমবার ২০১০ থেকে ২০১৪ সাল আর দ্বিতীয়বার ২০১৮ থেকে ২০২২ সাল নাগাদ তিনি চিলির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।