প্রথম ভারতীয় পেসার হিসেবে র‌্যাংকিংয়ের চূড়ায় বুমরা

ক্রিকেটাঙ্গণে ভারতের পরিচয় তার ব্যাটসম্যানদের দিয়ে। তবে সেই ধারণা বদলাতে শুরু করেছেন এখনকার ভারতীয় পেসাররা। গত বিশ্বকাপের সেরা বোলার নির্বাচিত হন মোহাম্মদ শামি। এবার প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠলেন জাসপ্রিত বুমরা।

খেলোয়াড়দের নৈপুণ্যের ভিত্তিতে বুধবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতেই শীর্ষে উঠে এসেছেন বুমরা। তার রেটিং পয়েন্ট ৮৮১। এটিই তার ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট। স্বদেশির কাছে জায়গা খুঁইয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনে নেমে গেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা রয়ে গেছেন দুইয়ে।

ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন এ পেসার। এর আগে এই কীর্তি ছিল রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্রয়াত বিষাণ সিং বেদির।

ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান মজবুত করেছেন কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা মাউন্ট মঙ্গানুই টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকান কেন। তবে দুইয়ে উঠে এসেছেন স্টিভ স্মিথ। তিনে নেমে গেছেন জো রুট। এক ধাপ অবনমন হয়ে সাত-এ আছেন বিরাট কোহলি।

বিশাখাপত্তনম টেস্টে রান পেয়েছেন ভারতের ওপেনার যশস্বী জসওয়াল। প্রথম ইনিংসে তার ডাবল সেঞ্চুরিতে ভারত বড় সংগ্রহ পায়। ইংল্যান্ডের বিপক্ষে ২০৯ রানের ইনিংস খেলে যশস্বী ৩৭ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে উঠে এসেছেন।

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট ৪১৬। ৩২৬ রেটিং পয়েন্ট নিয়ে অশ্বিন দুইয়ে। তিন নম্বরে থাকা সাকিব আল হাসানের ৩২০ রেটিং পয়েন্ট।