আহমেদ রুবেলই ছিলেন বাংলাদেশের একমাত্র ‘ফেলুদা’ 

এক সময়ের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল, যাকে অনেকেই বৃক্ষমানব হিসেবেও চেনেন। মাঝে অনেক বছর অভিনয় থেকে দূরে ছিলেন। এরপর ঊনিশের দিকে দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরেন। এরপর থেকে মাঝে মধ্যেই তাকে পাওয়া যেত, বেশ ব্যস্তও হয়েছিলেন।

তৌকীর আহমেদের পরিচালনায় ওয়েব সিরিজ ‘নয়ন রহস্য’-তে ফেলুদা হয়ে ফিরেছিলেন তিনি। তিনিই বাংলাদেশের একমাত্র ‘ফেলুদা’। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি আমাদের এখানে ফেলুদা করার মতো অনেকেই হয়তো আছেন। চরিত্রটি আমার নিজেরও পছন্দ, আর সেই চরিত্রে কাজ করতে পেরেছি এর জন্য প্রডিউসার এবং ডিরেক্টরের প্রতি আমি কৃতজ্ঞ। 

সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা টেক্সট আকারে আমরা আগেই পড়েছি। সে কারণে আলাদা একটা অ্যাট্রাকশনতো ছিলোই। কিন্তু আমাদের এখানে ফেলুদা নিয়ে কাজ হবে, প্রথমত এটাই আমার মাথায় ছিলো না। কিন্তু শাহরিয়ার শাকিল (প্রযোজক) যখন আমাকে বললো যে তিনি সত্ত্ব কিনেছেন বাংলাদেশে ফেলুদাকে নিয়ে কাজ করার জন্য। তখন থেকে আসলে ফেলুদাকে নিয়ে একটু ভাবছি নিজের মত কিন্তু তার আগে ফেলুদা করবো কিংবা ফেলুদা কখনো আমাদের করার সুযোগ আসবে বিষয়টি আমার মধ্যে ছিলো না। আর নিজে থেকেও এমনটা মনে করিনি, প্রযোজক-পরিচালক কী কারণে মনে করেছেন যে এটা আমাকে দিয়ে হবে! সে অর্থে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কাজটির প্রোডাকশন লেভেল যাই হোক না কেন, ফেলুদা চরিত্রে অভিনয় করাটা ইতিহাসে নাম লেখানোর মতো ব্যাপার হয়ে গেল। মানে ভবিষ্যতে যখন কথা হবে যে বাংলাদেশে ফেলুদা নিয়ে কারা কাজ করেছেন, তখন নিশ্চয় হয়তো আমার নামটাও আসবে; যেহেতু বাংলাদেশি হিসেবে আমি প্রথম করলাম এই চরিত্রটি।’

আজ সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমান আহমেদ রুবেল। তবে তার মৃত্যুর কারন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আজ সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’–একটি বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন আহমেদ রুবেল।