বালুর ট্রাকে মাদক পাচারকালে ২ কারবারি গ্রেপ্তার

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় থেকে মাদক চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১। বুধবার (৭ ফেব্রুয়ারি) র‌্যাব–১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) পারভেজ রানা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. বাচ্চু ও মো. সাগর। তাদের কাছ থেকে ১৯৮ লিটার বিদেশী মদ, একটি ট্রাক ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, চোরাকারবারি চক্রের এই দুই সদস্য একটি বালু ভর্তি একটি ট্রাকে ছদ্মবেশে মাদকপাচার করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা এই অভিনব কৌশল অবলম্বন করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্য ছিল, তেজগাঁও থেকে দুই মাদক ব্যবসায়ী ট্রাকে করে মাদকদ্রব্য পরিবহন করবে। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে টঙ্গী এলাকায় এই মাদকের চালানটি পৌঁছে দিবে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে ঢাকার আশপাশ এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।