বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ই ছিল আহমেদ রুবেলের কাছে সেরা

নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে আসার সময় অর্থাৎ প্রেক্ষাগৃহে ঢুকার আগেই হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমা অভিনেতা আহমেদ রুবেল। তার মৃত্যুতে শোবিজে নেমে এসেছে শোকের ছায়া।

তার এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। মৃত্যুর আগে নিজের সিনেমাটি দেখে যেতে পারলেন না রুবেল। 

আহমেদ রুবেল দেশের একজন মেধাবী অভিনয়শিল্পী। ঢাকা থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু। এরপর অভিনয়ের মাধ্যমে নিজেকে তিনি নিয়ে গেছেন অনেক দূরে। বিশেষ করে প্রসূন রহমান পরিচালিত ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে বিদেশে প্রশংসা ও পুরস্কার দুটোই পেয়েছেন। এই সিনেমার জন্য তিনি ভারতের জয়পুর থেকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন । 

এছাড়াও ‘দেশান্তর’ এবং ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় তার অভিনয় সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন। ‘চিরঞ্জীব মুজিব’ এ তাকে দেখা গেছে বঙ্গবন্ধুর চরিত্রে, যা তার জন্য বেশ আবেগের। সেসময় আহমেদ রুবেল বলেছিলেন, ‘এটি আমার অভিনয় জীবনের বড় ঘটনা।’

একুশে টেলিভিশনের আলোচিত ধারাবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। আহীর আলম পরিচালিত প্রেত নাটকের গল্প লিখেছিলেন মুহম্মদ জাফর ইকবাল। একটা সময় নন্দিত লেখক, নাট্যকার ও পরিচালক হুমায়ুন আহমেদের পরিচালনায় অভিনয় শুরু করেন। তার পরিচালিত শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। 

সালাউদ্দিন লাভলুর সাড়া জাগানো নাটক ‘রঙের মানুষ’ ও মোস্তফা সরোয়ার ফারুকীর জনপ্রিয় নাটক ‘৬৯’- এ সাবলীল অভিনয় করে দর্শকনন্দিত হন।

তার অভিনীত ‘গেরিলা', ‘মেঘলা আকাশ’, ‘আলফা’, ‘লাল মোরগের ঝুঁটি’-সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রশংসিত হয়েছে। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’ সিনেমাটি অস্কারে গিয়েছিল।