সিনেমা দেখানো হলো, থাকতে পারলেন না রুবেল। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। উপলক্ষটা হচ্ছে, ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার শো। জয়া আহসানের সঙ্গে যখন দুপুরে কথা হয় তখন বলেছিলেন, সংবেদনশীল মানুষদের সিনেমাটা দেখা উচিৎ। আপনারা সাংবাদিকেরা দেখবেন, সিনেমাটি নিয়ে লিখবেন।
সেই মতে সাংবাদিকেরা উপস্থিত হয়েছিলেন সিনেপ্লেক্সের বারান্দায়। সেই মুহূর্তে খবর আসলো এবং দ্রুত সিনেমা সংশ্লিষ্ট কয়েকজন পার্কিংলটে চলে যান। সেখানে গাড়িতে আহুমেদ রুবেল অসুস্থ। তাকে দ্রুত সিএনজিতে করে হাসপাতালে নেওয়া হলো। সিএনজিতে নেওয়ার পথেই নিস্তেজ হয়ে পড়েন রুবেল।
অতিথি ও সাংবাদিকেরাও জানতেন আসলে ঘটনা কী ঘটেছে। খবর এলো রুবেল নেই। সেখানে উপস্থিত সকলেই বিস্মিত। বিশ্বাসই করতে পারছিলেন না কেউ। আহমেদ রুবেলের সিনেমা দেখানো হবে অথচ আহমেদ রুবেল নেই। মুহূর্তেই ছড়িয়ে পড়লো শোক।
পরিচালক নূরুল আলম আতিক হাসপাতাল থেকে তখন জানালেন, সিনেমা যেন দেখানো হয়। রুবেল সিনেমাটা ভালোবাসতেন, অভিনয় ভালোবাসতেন। রুবেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এই সিনেমার মধ্য দিয়ে।
নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, জয়া আহসান উপস্থিত দর্শকের কাছেও জানতে চান যে তাঁরা সিনেমা দেখতে চান কি না। দর্শকেরাও তখন জানান যে সিনেমার মধ্য দিয়ে শিল্পী রুবেলের প্রতি তাঁরা শ্রদ্ধা নিবেদন করতে চান। প্রথমে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। তারপর সবার মতামত সাপেক্ষেই প্রদর্শিত হয় ‘পেয়ারার সুবাস’। অভিনেতা রুবেলকে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’।
নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘রুবেল সিনেমার কাজ করতে করতেই চলে গেল আমাদের ছেড়ে। আমাদের জন্য ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। তার এই অসময়ের প্রস্থান আমাদের শূন্য করে দিল।’
৯ ফেব্রুয়ারি সারা দেশে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ আরও অনেকেই।