রাজধানীর একটি হোটেল থেকে তিন কেজি কোকেন উদ্ধারের মামলায় পেরুর ও পাকিস্তানের দুই নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে আদালত। এর মধ্যে পেরুর নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরেক আসামি পাকিস্তানি নাগরিককে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।
দন্ডিত পেরুর নাগরিক হলেন গাজাসিটাল ভারাডো জুয়ান পাবলোর রাফেল ও পাকিস্তানের নাগরিক হলেন মোহাম্মদ মোস্তফা আশরাফ।
মামলার অন্য পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন হাওলাদার সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।