ঘরের মাঠে হওয়া আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে উঠেছে আইভরি কোস্ট। আবিদজানে রাতের দ্বিতীয় সেমিফাইনালে কঙ্গোর বিপক্ষে ১-০ গোলে জিতেছে আফ্রিকার হাতিরা। বেশ কয়েকবার সুযোগ নষ্ট করলেও ম্যাচের একমাত্র গোলটি আসে সেবাস্টিয়ান হলারের পা থেকে।
এ পর্যন্ত দুবার আফকনের শিরোপা জিতেছে আইভরি কোস্ট। ১৯৯২ সালে প্রথম ও শেষবার ২০১৫ সালে। সেবারও সেমিতে কঙ্গোকে হারিয়েই ফাইনালে ওঠে তারা। অন্যদিকে ১৯৬৮ ও ১৯৭৪ আসরের চ্যাম্পিয়ন কঙ্গো চতুর্থবারের মতো বিদায় নিল সেমিফাইনাল থেকে।
ম্যাচের দশম মিনিটে কঙ্গোর সেড্রিক বাকাম্বু বল জালে পাঠালেও তার আগেই ফাউল হওয়ায় গোল পায়নি তারা। ৪১তম মিনিটে দারুণ সুযোগ পান হলার। কিন্তু কাছ থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড। দুই মিনিট পর ডি বক্সের মাথা থেকে কেসিয়ের শট পোস্টে লাগলে নষ্ট হয় স্বাগতিকদের আরেকটি সুযোগ।
প্রথমার্ধে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ছয়টি শট নেয় কোত দি ভোয়া। কিন্তু একটি শটও রাখতে পারেনি লক্ষ্যে। এর বিপরীতে তিন শট নিয়ে দুটিই লক্ষ্যে রাখে ডিআর কঙ্গো।
৬৫ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোলটি। মাক্স গ্রাদেলের ক্রসে হলারের ভলি বাড়তি বাউন্স করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়ায় জালে। আসরে বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ডের এটাই প্রথম গোল।
এর পর অন্তত দুটি ভালো সুযোগে গোল আদায় করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। শেষ দিকে মরিয়া হয়ে একের পর এক আক্রমণে আইভরি কোস্ট রক্ষণের কঠিন পরীক্ষা নিলেও সমতা ফেরাতে পারেনি কঙ্গো।
রবিবার আরও একটি শিরোপার লক্ষ্যে নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা।