টেস্ট থেকে বিরতির কারণ খোলাসা করলেন তাসকিন

টেস্ট ক্রিকেট আর খেলতে চান না তাসকিন আহমেদ- খবরটি পুরনো। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছিলেন বিষয়টি। তবে সেটা সাময়িক না পুরোপুরি তা নিয়ে ছিল সংশয়। এবার এ বিষয়ে তাসকিন নিজে কথা বললেন। চোটে জর্জরিত ক্যারিয়ারটাকে আরও অনিশ্চয়তায় না ফেলার জন্যই প্রিয় টেস্ট ক্রিকেটটাকে দূরে সরিয়ে রাখতে চাইছেন বাংলার পেস সেনসেশন।

প্রথম থেকেই জানা গিয়েছিল, কাঁধের পুরাতন চোটের কথা চিন্তা করেই নিজেকে সরিয়ে নিতে চান তাসকিন। টেস্ট ক্রিকেট নিয়ে তাসকিন বলছিলেন, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে। ’

তাসকিন আরো বলেন, ‘তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়।  এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই।’ 

তবে এই কথার মাঝেই হালকা আভাস দিলেন ভবিষ্যতে আবার ফিরে আসার। বললেন, ‘হয়তো ভবিষ্যতে যদি উন্নতি হয় তখন আবার চেষ্টা করবো।’

বিপিএলের পর পরই তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেললেও দুই টেস্টের সিরিজে যে তাকে দেখা যাবে না তা এখন অনেকটা নিশ্চিত। বিসিবির কিছু আনুষ্ঠানিকতা অবশ্য বাকি আছে। তারা জানিয়েছে বিপিএলের পরই টিম ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেবে।