কারাগারে বসেই ভোট দিলেন ইমরান, পারলেন না বুশরা

পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে দেশটির জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আদিয়ালা কারাগারে বসেই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই নেতা।

তবে ইমরান খান ভোট দিলেও তাঁর কারাবন্দী স্ত্রী বুশরা বিবি ভোট দিতে পারছেন না। খবর দ্যা ডন।

প্রতিবেদনে বলা হয়, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া পেরিয়ে যাওয়ার পর অভিযুক্ত ও গ্রেপ্তার হয়েছেন বুশরা। তাই এভাবে ভোট দেওয়ার সুযোগ নেই তাঁর। বর্তমানে তিনি ইসলামাবাদের বাড়িতে বন্দী আছেন। ওই বাড়িকেই সাব-কারাগার ঘোষণা করা হয়েছে।

এদিকে ইমরান খানের মত কারাগারে বন্দী আছেন বিভিন্ন রাজনৈতিক দলের কারাবন্দী নেতারা। একই উপায়ে ভোট দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি, আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রশিদ ও সাবেক তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী।

এবারের নির্বাচনে ইমরান খানের অনুপস্থিতিতে এগিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

এদিকে নিজ নিজ কেন্দ্র থেকে ভোট দিয়েছেন দলগুলোর নেতারা। সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লাহোর ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। ইসলামাবাদের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন তত্ত্বাবধায়ক ফেডারেল তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গি।