পবিত্র শবে মেরাজ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ব সুন্নি আন্দোলন। সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতি অপরিহার্য্য মৌলিক বিষয় ও শবে মেরাজের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে মানববন্ধন, আনন্দ র্যালি ও সমাবেশ করেছে সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, আনন্দ র্যালি ও সমাবেশে বক্তারা এই দাবি জানান।
ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়াল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। এতে বক্তব্য দেন আবু আবরার চিশতী, সুফী আহমদ মোরশেদ, আল্লামা জাকের আহসান, শেখ হানিফ, আওয়াল কাদেরী, মাইনুদ্দিন টিটু, কৃষিবিদ মিজানুর রহমান, অ্যাডভোকেট শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন প্রমুখ।
সুন্নি আন্দোলনের নেতারা বলেন, পবিত্র শবে মেরাজে প্রিয় নবীকে স্থান-কালের ঊর্ধ্বে পরম নৈকট্যে নিয়ে মহান আল্লাহ তার নূর ও তাজাল্লিতে মিলিত করেন। মেরাজে নবীজির (সা.) সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতালার স্বয়ং প্রকাশ ঘটে, যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত। এর শুকরিয়া না হলে নাফরমানি হবে। তবে রমজান ও কোরবানির ঈদের মতো ঈদে মেরাজ হুকুমগত নির্ধারিত ঈদ নয়। ঈমানি হৃদয়ের ঈদ, যার সঙ্গে অন্য কোনও বিষয়ের তুলনা চলে না।
বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। গত ১২ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।