ভোটের দিন পুলিশের গাড়িতে বোমা হামলায় নিহত ৪

পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনায় অন্তত চার পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত ও ছয়জন আহত হন।

আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে।

জেলা পুলিশ প্রধান রউফ কুইসরানি জানান, ঘটনাস্থলে আরও নিরাপত্তারক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের গাড়িটি কালাচি থানার আওতাভুক্ত অঞ্চলে মোতায়েন ছিল। টহলদলটি গ্রাহ আসলাম ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিল। একজন সাব-ইন্সপেক্টর এবং অন্য কর্মীরা ওই গাড়িতে ছিলেন।

বোমা হামলার পর এলাকায় নির্বিচারে গুলি চালানোর খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করেছে।

দেশটির ১৬তম সাধারণ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের লক্ষ্য করে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলাসহ সহিংসতার ঘটনা ঘটে।