নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পবিত্র কোরআন তেলাওয়াত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল ( এনপিপি, এনডিসি, পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রনিমা ইকবাল এবং ঢাকার বিভিন্ন কলেজের অধ্যক্ষরা।

প্রধান অতিথি বেলুন, ফেস্টুন ও কবুতর উড়ানোর পাশাপাশি মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানের পর কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদার এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বিভিন্ন অর্জন তুলে ধরেন। এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ মার্চ পাস্ট ও মিউজিক্যাল ডিসপ্লে। 

কলেজের শিক্ষার্থীরা 'বিএনসিসি'র নেতৃত্বে বিভিন্ন দলে বিভক্ত হয়ে মার্চ পাস্টে যোগ দেয়। মার্চ পাস্টের পরে, শিক্ষার্থীরা দেশের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরে একটি চমৎকার মিউজিক্যাল প্রদর্শনীর মাধ্যমে। 

এরপর যেমন খুশি তেমন সাজো, অভিভাবক-শিক্ষক ক্রীড়া ইভেন্ট এবং শিক্ষার্থীদের অন্যান্য ক্রীড়া ইভেন্ট উপস্থিত সবার মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। 

প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষামূলক বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের অসাধারণ উপস্থাপনার প্রশংসা করে তার অনুভূতি প্রকাশ করেন। 

তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের সুনাম ধরে রাখার প্রতি আহ্বান জানান। বক্তৃতা শেষে প্রধান অতিথি বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৪ এর সমাপ্তি ঘোষণা করেন।