টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজের ডিপ্লোমা নার্সিং চতুর্থ বর্ষের ছাত্রী সুজারলিন জার্লেট গোমেজ (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে নার্সিং হোস্টেলের একটি কক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্য করে বলে জানা গেছে।
এদিন সন্ধায় থানা পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলো।
সুজারলিন জার্লেট গোমেজ গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার চড়াখোলা গ্রামের জেরোম গোমেজের মেয়ে বলে জানা গেছে। তিনি কুমুদিনী হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে কাজ করতেন।
পুলিশ জানায়, নার্সিং হোস্টেলের ওই কক্ষে চারজন ছাত্রী থাকতো। সকালে সে ছাড়া বাকি তিনজন কুমুদিনী হাসপাতালে ডিউটি করতে যান। এরই কোনো এক সময় তিনি কক্ষের ভেতরেই ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। বেলা আড়াইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। সন্ধায় পুলিশের এসআই মাহাফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করে থানায় নিয়ে যান ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, খবর পেয়ে ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।