জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের দ্রুততম সময়ে রাষ্ট্রীয় আইনে বিচার নিশ্চিতকরণের দাবিসহ ৪ দফা দাবিতে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অর্ধশাতধিক শিক্ষার্থী মশাল মিছিল বের করেন। মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে শিক্ষার্থীরা তাদের চারটি দাবি তুলে ধরে। তাদের দাবিগুলো হলো, ধর্ষণে অভিযুক্ত ও পলায়নে সহযোগিতাকারীদের রাষ্ট্রীয় আইনে বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে, মীর মশাররফ হোসেন হল ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রোভোস্ট এবং হল প্রশাসনের বিরুদ্ধে আসা পলায়নে সাহায্য করার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করতে হবে, সকল আবাসিক হল থেকে অছাত্রদের তাড়াতে হবে, ক্যাম্পাসের নিরাপত্তা শাখার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান শুভ বলেন, ‘ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, ক্রমে ক্রমে ক্যাম্পাসে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আর বর্তমান এই অবস্থার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় নিতে হবে। এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণগুলো খুঁজে বের করে সকল সমস্যার সমাধান করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ছাত্রদের সাথে আলোচনা করে না, তারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেয় বিষয়টা অনকেটা ডাক্তারের রোগী না দেখে ঔষধ দেওয়ার মতো। আমদের প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অংশীজনের সাথে আলোচনা করে সকল সমস্যার সমাধান করা এমন যেন না হয় যে মাথাব্যাথার কারণে মাথা কেটে ফেলতে হবে।