বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে প্রতিবছর বিপুল পরিমাণ তরুণ জনশক্তি তৈরি হচ্ছে। এ খাতের দক্ষ জনশক্তি নেওয়ার জন্য আর্মেনিয়ার উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সফররত রিপাবলিক অব আর্মেনিয়ার অর্থ উপমন্ত্রী নারেক তেরিয়ানের নেতৃত্বাধীন ‘এন্টারপ্রাইজ আর্মেনিয়া’র চার সদস্যের প্রতিনিধিদল ডিসিসিআইর পরিচালনা পর্ষদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
আশরাফ আহমেদ বলেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ-এশিয়া অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশি প্রকৌশলী ও নির্মাণকর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়নে কাজ করছে এবং এ খাতে আমাদের প্রচুর দক্ষ জনবল রয়েছে, যারা আর্মেনিয়ার অবকাঠামো খাতের উন্নয়নে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগতে সক্ষম।