ছেলের হাতে খুন হলেন পর্দার বিজয় সেতুপতির মা

ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ভারতের তামিলনাড়ুর প্রবীণ অভিনেত্রী কাসাম্মাল। গত ৪ ফেব্রুয়ারি ভোরে মারা যান তিনি। অভিনেত্রীর ছেলে পি নামাকোডি পিটিয়ে হত্যা করেছে কাসাম্মালকে।

নির্মম এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই শহরের উসিলামপট্টির কাছে আনাইউরে। ইতোমধ্যে নামাকোডিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, কাসাম্মালের ছেলে নামাকোডি মাদকে আসক্ত। ঘটনার আগে মূলত মদ কেনার টাকা নিয়ে অভিনেত্রী ও তাঁর ছেলের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। একপর্যায় অর্থ না দেওয়ায় মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পাষণ্ড ছেলে।

এই ঘটনার পরই নামাকোডিকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। পাশাপাশি কাসাম্মালকে যে অস্ত্রটি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটিও জব্দ করে পুলিশ।

এদিকে কাসাম্মালের মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তামিল ইন্ডাস্ট্রিতে। ‘কাদাইসি বিভাসায়ি’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ব্যাপক পরিচিত লাভ করেন কাসাম্মাল।

এতে বিজয় সেতুপাতির মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়াও অসংখ্য চলচ্চিত্রে দেখা গেছে এই প্রবীণ অভিনেত্রীকে।