পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের প্রার্থীরা জয়ী হওয়ায় ফল প্রকাশে দেরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
পিটিআইয়ের জেনারেল সেক্রেটারি ওমর আইয়ুব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেছেন।
পাকিস্তানে বৃহস্পতিবার সাধারণ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে রাত ১১টা পর্যন্ত ভোটের ফলাফল প্রকাশ করা হয়নি। এর আগে দেশটির নির্বাচন কমিশন বলেছিল, ইন্টারনেট বন্ধ থাকলেও এতে ফল প্রকাশে সমস্যা হবে না।
ভিডিও বার্তায় ওমর আইয়ুব বলেছেন, বেশ কয়েকটি সার্কেলে রিটার্নিং অফিসারদের অফিসের স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। জনগণের ম্যান্ডেটে 'দরজা বন্ধ করে ষড়যন্ত্র' বা জালিয়াতি করা হলে ফলাফল খারাপ হবে। নির্বাচন কমিশনের উচিত নির্বাচনের ফল জালিয়াতির মতো কলঙ্কজনক কিছু না করে অবিলম্বে ফলাফল প্রকাশ নিশ্চিত করা।
পিটিআই কর্মীদের তিনি ভোটকেন্দ্রে থাকতে অনুরোধ করেন এবং ফলাফল পেলেই স্থান ত্যাগের আহ্বান জানান।