শিল্পপতি পরিচয়ে তরুণীদের ফাঁদে ফেলতেন এহসান

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকার আবদুর রবের ছেলে এহসান আহমেদ (৩০)। নিজেকে পরিচয় দিতেন কানাডায় স্থায়ী বসবাসের গ্রিনকার্ড হোল্ডার, পিএইচডি সম্পূর্ণ করা এবং দেশের একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিকের সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে বড়লোকের তরুণীদের টার্গেট করতেন। বিশেষ করে যারা বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক এমন তরুণীদের সঙ্গে পরিচিত হতেন। এরপর সরাসরি দেখা করতে যেতেন। সেখানে তার পরিচয় ও বেশভূষা বিশ্বাসযোগ্য করতে নামিদামি গাড়ি ভাড়া করে নিয়ে যেতেন।

সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুলের এক সাবেক শিক্ষার্থী এবং বর্তমান এক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীকে টার্গেট করেন এহসান। কানাডায় স্ত্রী হিসেবে নিয়ে যাওয়ার প্রলোভনে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। নানা কৌশলে হাতিয়ে নেন ব্যক্তিগত ছবি ও ভিডিও। শুরু করেন ব্ল্যাকমেইল। এরপর রাজধানীর মুগদা থানায় ভুক্তভোগীর করা মামলার পরিপ্রেক্ষিতে গত বুধবার রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে এহসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশীদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার এহসান পড়াশোনা না করেও নিজেকে পিএইচডিধারী পরিচয় দিতেন। এমনকি কোনো দিন বিদেশে না গিয়ে বলতেন কানাডায় গ্রিনকার্ড রয়েছে। বিভিন্ন তরুণীকে কানাডায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখাতেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক নারীকে ফাঁদে ফেলার প্রমাণ পাওয়া গেছে।