দেশে গত আট দিনের মধ্যে ছয় দিনই ডেঙ্গুতে মৃত্যু শূন্য ছিল। গতকাল বৃহস্পতিবারও কেউ মারা যায়নি। সর্বশেষ একজনের মৃত্যু হয় গত ৫ ফেব্রুয়ারি। এ নিয়ে এই মাসে মারা গেছে দুজন। আগের মাসে মৃত্যু ছিল ১৪ জনের। সবমিলে এ বছর এখন পর্যন্ত মারা গেছে ১৬ জন। মৃতদের মধ্যে ১০ নারী ও ৬ জন পুরুষ।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে নয়জন ভর্তি হয়েছে ঢাকায় ও ১১ জন ঢাকার বাইরে। এ নিয়ে এই বছর ঢাকার বাইরে রোগী দাঁড়াল ৭৯১ ও ঢাকায় ৪০৮ জন।
এ বছর ভর্তি রোগী ১ হাজার ১৯৯ জন। তাদের মধ্যে ৬৪ শতাংশ বা ৭৬২ জন পুরুষ ও ৩৬ শতাংশ বা ৪৩৭ জন নারী।
করোনায় গত মাসের চেয়ে গড় রোগী বেশি : দেশে গত জানুয়ারির চেয়ে চলতি ফেব্রুয়ারি মাসে এখন পযন্ত দৈনিক গড় করোনা রোগী বেশি। গত মাসে রোগী শনাক্ত হয়েছে ৮৩০ ও দৈনিক গড় রোগী ছিল ২৭। এ মাসের গত আট দিনে রোগী শনাক্ত হয়েছে ২৯০ জন ও দৈনিক গড় রোগী ৩৬ জন।
এ মাসে গত মাসের চেয়ে পরীক্ষা অনুপাতে করোনা রোগী শনাক্তের হারও বেশি। সে মাসের প্রথম দিন শনাক্ত হার ছিল ৪ শতাংশ ও শেষ দিন ৩১ জানুয়ারি ৭ শতাংশ। কিন্ত এ মাসের শুরুই হয়েছে শনাক্ত হার ৮ শতাংশ দিয়ে। এ মাসের গত আট দিনে সর্বোচ্চ শনাক্ত হার ছিল ৮ দশমিক ৩১ শতাংশ ও সর্বনিম্ন ৬ দশমিক ১৭ শতাংশ।