পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরিফ খাইবার পাখতুনখাওয়ার এনএ- ১৫ মানসেহরা আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে গেছেন। এদিকে, দ্বিতীয় আসনটিতেও পিছিয়ে রয়েছেন নওয়াজ শরিফ। খবর সামা নিউজ ও জিও নিউজ।
জাতীয় পরিষদের নির্বাচনী এলাকা এনএ-১৫ মানসেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, নওয়াজ শরিফ এই আসনে ৬৩ হাজার ৫৪টি ভোট পেয়েছেন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপ পেয়েছেন ৭৪ হাজার ৭১৩ ভোট। অর্থাৎ ১১ হাজার ৬৫৯ ভোটে পরাজিত হয়েছে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। তবে এই স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপ ইমরান খানের সমর্থিত কি না তা স্পষ্ট করেনি দেশটির সংবাদমাধ্যম।
নওয়াজ শরিফ দ্বিতীয় আরেকটি আসন লাহোরের এনএ-১৩০ তেও প্রার্থী হয়েছেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী ইয়াসমিন রশিদ এখন পর্যন্ত পেয়েছেন ২৮ হাজার ৮৬৬ ভোট। অন্যদিকে নওয়াজ শরিফ পেয়েছেন ২১ হাজার ৭১৩ টি ভোট।