চিকিৎসকদের পর্যবেক্ষণে নুসরাত ফারিয়া

হঠাৎ করে অসুস্থ হয়ে মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী নুসরাত ফারিয়া। শারীরিক দুর্বলতা, খাবারে অরুচি, প্রচণ্ড মাথাব্যাথায় বাসায় অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর এক হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেত্রীর মা ফেরদৌসি পারভীন বলেন, চিকিৎসক তাদের জানিয়েছেন ফারিয়াকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান। সিটি স্ক্যান ছাড়াও আরও কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করতে হবে তার।

তিনি আরও বলেন, আরও বলেন, ‘কয়েক মাস ধরে ফারিয়ার মাথাব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছে। কষ্ট পাচ্ছে খুব। গতকাল রাতে তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। মাথাব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথাব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। এখন সেসবে কাজও করছে না। শারীরিকভাবেও খুব দুর্বল। খাওয়া-দাওয়ায় খুবই অনিয়ম আছে ফারিয়ার। এই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতাটা বেড়েছে। গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। এখন দেখা যাক চিকিৎসক কী বলেন।’

জানা গেছে, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন নুসরাত ফারিয়া। গতকাল সন্ধ্যার পর তা গুরুতর আকার ধারণ করে এবং একটা পর্যায়ে বাসায় জ্ঞান হারান। এরপর তার মা ও পরিবারের অন্য সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।