সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে নিখোঁজের ৫ দিন পর বিসিএস ক্যাডার মাহমুদা আক্তার হ্যাপীকে (৩১) কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল মোটেল জোনের সুগন্ধা বিচ পয়েন্ট এলাকার এ আর গেস্ট হাউসের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, গত ৪ ফেব্রুয়ারি সেন্টমার্টিনের হোটেল সি ভিউ রিসোর্ট থেকে ভোর বেলা একা বের হন হ্যাপী। এরপর আর হোটেলে না ফেরায় তার এক বান্ধবী টেকনাফ থানায় সেদিনই একটি জিডি করেন। এরপর তার মোবাইল ট্র্যাকিং করে পুলিশ। এর ৫ দিন পর শুক্রবার রাতে তাকে একটি হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়।
হ্যাপীর বরাত দিয়ে ওসি আরো বলেন, তার ব্যক্তিগত সমস্যা এবং বিসিএস'র ফলাফল মনের মতো না হওয়ায় হতাশ হয়ে নিজের জীবনকে আড়ালে রাখার জন্য এই পথ বেঁচে নিয়েছেন হ্যাপী। তিনি এখন আমাদের হেফাজতে আছেন। তাকে আদালতের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, হ্যাপীকে পুলিশ উদ্ধার করেছে। তিনি ৪১তম বিসিএস ক্যাডার। তাকে বনবিভাগে পদায়ন করে সরকার।