নওয়াজ-বিলাওয়ালের সঙ্গে জোট নয়: পিটিআই

নওয়াজ শরিফের দল পিএমএল–এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপির সঙ্গে জোট সরকার গড়বে না পিটিআই। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে এ তথ্য জানান পিটিআই চেয়ারম্যান গহর আলী খান।

পিটিআই চেয়ারম্যান আরও বলেন, আমরা পিএমএল–এন ও পিপিপির সঙ্গে যোগাযোগ করছি না।

পাকিস্তানের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারি ফল অনুযায়ী এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তাই সরকার গঠনের দৌড়ে দলটি এগিয়ে রয়েছে বলে দাবি করছেন গহর আলী খান।

প্রায় ১৫০টি আসনে পিটিআই জয় পেতে যাচ্ছে দাবি করে গহর আলী খান বলেন, আমরা কেন্দ্রে এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সরকার গঠন করব।

বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই ভোট হয়েছে ২৬৫ আসনে।

জিও নিউজ ইতোমধ্যে ১৫০টি আসনের ফল জানিয়েছে। এর মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে ৬২টি আসনে। নওয়াজের দল জয় পেয়েছে ৪৬টি আসনে। বিলাওয়াল ভুট্টো জারদারির দল জয় পেয়েছে ৩৪টি আসনে। ৫টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া অন্য দলগুলো বাকি আসনে জয় পেয়েছে।