নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের এজাহারভুক্ত পলাতক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. আবরার হোসাইন (১৮)।
আজ শুক্রবার রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
এটিইউ জানায়, আবরার হোসাইন ও সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘ দিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামি কারাবন্দি শীর্ষ জঙ্গিদের সাথে বাইরে মুক্ত জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত। গ্রেপ্তারকৃত আসামি জনমনে ত্রাস ও ভীতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কার্যক্রম পরিচালনার জন্য এবং খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার-প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করছিল।